কুলাউড়া হাসপাতালে ৩৮ জনের স্থলে আছেন ৮ জন ডাক্তার
প্রকাশ : ০৪ জুলাই ২০১৪, ২১:৩৯
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
কুলাউড়া উপজেলা সদরের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিত্সক সংকট দেখা দিয়েছে। কুলাউড়া, জুড়ি উপজেলাসহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকার উন্নত চিকিত্সার একমাত্র আশ্রয় এই হাসপাতালের ৩৮ জন চিকিত্সকের মধ্যে আছেন মাত্র ৮ জন।
হাসপাতালের আরএমওসহ গুরুত্বপূর্ণ চিকিত্সকের পদগুলো দীর্ঘদিন যাবত্ শূন্য পড়ে আছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হাসপাতালে গিয়ে দেখা যায়, ডাক্তারদের অধিকাংশ কক্ষই শূন্য। রোগিরা ঢু মারছেন শূন্য কক্ষগুলোতে। উপজেলা স্বাস্থ্য প্রশাসক ও দুইজন ডাক্তার প্রশিক্ষণে আছেন। ভারপ্রাপ্ত আরএমওকে একাধারে ভারপ্রাপ্ত স্বাস্থ্য প্রশাসক, ভারপ্রাপ্ত আরএমও (আবাসিক মেডিক্যাল অফিসার) ও ইনডোর-আউটডোর-এর দায়িত্ব পালন করছেন। ৩ জন সেকমো (সাব এ্যাসিসটেন্ট কমিউনিটি মেডিক্যাল অফিসার) ও একজন সার্জারির ডাক্তার রোগীদের নিয়ে হিমসিম খাচ্ছেন।