ভারতীয় শ্রমিকের লাশ হস্তান্তরের পর হিলি স্থলবন্দর স্বাভাবিক

ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দরে ট্রাকের চাপায় অতুল কুমার (১৭) নামের এক ভারতীয় পরিবহন শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয় ভারতীয় পরিবহন শ্রমিকেরা। তবে ঐদিন সন্ধ্যায় ঐ শ্রমিকের লাশ ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পর আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়। গত বুধবার রাত ১০টায় ভারতীয় পরিবহন শ্রমিক অতুল কুমার স্থলবন্দরের পানামা পোর্টে আমদানিকৃত পণ্য খালাসের কাজ করার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিত্সক মৃত বলে জানান। থানার ওসি মোখলেছুর রহমান বলেন, ভারতীয় পরিবহন শ্রমিক অতুল কুমারের লাশের ময়না তদন্তের পর লাশ ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।