ফিরেছেন ভারমালেন-কোম্পানি

আর্জেন্টিনার বিপক্ষে শনিবারের কোয়ার্টার ফাইনালের ম্যাচকে সামনে রেখে বেলজিয়ামের অনুশীলনে ফিরেছেন ডিফেন্ডার থমাস ভারমালেন। বৃহস্পতিবার তিনি পূর্ণ অনুশীলন করেছেন বলেই দলীয় সূত্রে জানানো হয়েছে। ডান থাইয়ের পেশীতে টান পড়ায় আর্সেনালের এই সেন্টার ব্যাক গত দুটি ম্যাচে অনুপস্থিত ছিলেন। কিন্তু সাও পাওলোতে বেলজিয়াম বেস ক্যাম্পে গতকাল সতীর্থদের সাথে অনুশীলন করেছেন এই তারকা ডিফেন্ডার। এখানকার অনুশীলনে ১৩ জন ছিলেন। এছাড়া মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ষোলর লড়াইয়ে ২-১ গোলে জয়ী ম্যাচের সদস্যরা নিয়মিত অনুশীলন না করে সাইকেল চালিয়ে নিজেদের অনুশীলন সেড়েছেন। এদিকে কুঁচকির ইনজুরি কাটিয়ে অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে ইঙ্গিত দিয়েছেন কোচ মার্ক উইলমটস। এক সপ্তাহ আগে এই ইনজুরির কারণে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে পারেননি কোম্পানি। এছাড়া দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আঘাত পাওয়া মিডফিল্ডার মোসা ডেমবেলে এখনো চিকিত্সাধীন রয়েছেন। ব্রাসিলিয়ার মেন গারিঞ্চা ন্যাশনাল স্টেডিয়ামে শনিবার আর্জেন্টিনার বিপক্ষে শেষ আটের ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার ব্রাজিলের রাজধানীতে পৌঁছেছে এবারের আসরের ডার্ক হর্স বেলজিয়াম। —বাসস