অতিরিক্ত মেসি নির্ভরতায় ক্ষুব্ধ ম্যারাডোনা

লিওনেল মেসির উপর অতিরিক্ত নির্ভরতা কমাতে না পারলে বেলজিয়ামের বিরুদ্ধে আজকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। পাশাপাশি উন্নতি করতে হবে তাদের দলগত পারফরম্যান্সেরও। আর্জেন্টিনার কোনো সমর্থক বা গণমাধ্যম নয়, খোদ ডিয়েগো ম্যারাডোনার মুখ থেকেই এসেছে এই সতর্ক বার্তা। টুর্নামেন্টের শুরু থেকেই নিজ দেশের খেলায় হতাশ এই কিংবদন্তি, কোচ আলেসান্দ্রো সাবেলার কৌশলের সমালোচনা করার একদিন পরেই এমন কথা বললেন। আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনার ধারণা, এখনও টুর্নামেন্ট শুরুই করতে পারেনি আর্জেন্টিনা! প্রায় একক প্রচেষ্টায় দলকে ১৯৮৬ সালের বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা আট বছর আগে সর্বশেষ বিশ্বকাপে এসেছিলেন কোচ হিসাবে। তবে, অধিনায়কের পর কোচ হিসাবেও বিশ্বকাপ জেতার কীর্তি গড়া হয়নি তার। জার্মানির কাছে চার গোলে বিধ্বস্ত হয়ে তার দলকে বিদায় নিতে হয় কোয়ার্টার ফাইনাল থেকেই। সর্বকালের সবচেয়ে আলোচিত দুটি গোলের মালিকের আশঙ্কা, এবারও কি-না সেই ভাগ্যই বরণ করতে হয় তার দলকে! দলের সেরা তারকা মেসির উপর চাপ কমানো না গেলে, আর্জেন্টিনার পক্ষে ২৮ বছরের শিরোপাখরা ঘোচানো প্রায় অসম্ভব জানিয়ে তিনি বলেন, ‘তাদের (কোচ এবং মেসির সতীর্থদের) একটা কথা পরিষ্কারভাবে বুঝতে হবে, আমাদের ‘মেসি একাদশ’ হলে চলবে না! হয়তো অসাধারণ কোনো গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার ক্ষমতা তার আছে। তবে সেটা প্রতিদিন করা সম্ভব নয়। এমন যেন না হয়, (মেসি ব্যর্থ হলো) এবং আমরা তার উপর ঝাঁপিয়ে পড়লাম। যেন আর্জেন্টিনার হারের দায়ভার একান্তই তার।’ সুইজারল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোর বৈতরণী পাড় হলেও দলের খেলায় রীতিমতো বিরক্ত ম্যারাডোনা। ভেনিজুয়েলার একটি টিভির হয়ে বর্তমানে বিশেষজ্ঞের কাজ করা এই তারকার বিশ্বাস, নিজেদের সামর্থ্যের অর্ধেকও মাঠে অনুবাদ করতে পারেনি তার উত্তরসুরীরা। যদিও, তার মানতে আপত্তি নেই শ্রেয়তর দল হিসাবেই জিতেছে আর্জেন্টিনা। নানা মন্তব্য করে প্রায় প্রতিদিনই নতুন নতুন বিতর্কের জন্ম দেয়া ম্যারাডোনা স্বভাবসুলভভাবেই খোঁচা মারতে ছাড়েননি সুইজারল্যান্ডকে। তিনি বলেন, ‘ব্যক্তিগত নৈপুণ্য হোক আর দলগত, আর্জেন্টিনাই শ্রেয়তর ছিল। তাদের (সুইসদের) হয়তো ভাল কিছু ঘড়ি নির্মাতা থাকতে পারে, তবে ভালো ফুটবলারের সংখ্যা কম!’ টুর্নামেন্টের শুরু থেকেই মেসির পারফরম্যান্সের উপর নির্ভরশীল থাকা আর্জেন্টিনার এই হতাশাজনক পারফরম্যান্সের পেছনে অন্য কিছুরই ইঙ্গিত পাচ্ছেন ম্যারাডোনা। দলের ভেতরকার আবহাওয়াটা ঠিক নেই বলেই মাঠে অনেকটা ছন্নছাড়া মনে হচ্ছে দলকে, ম্যারাডোনার ইঙ্গিতটা তেমনই, ‘আমি নিশ্চিত দলের ভেতর কোনো সমস্যা বড় হয়ে উঠছে। হতে পারে সেটা তিক্ততা, হতাশা কিংবা রাগ। কারণ, আর্জেন্টিনা মোটেই এমন দল নয়। তাদের এর চেয়ে অনেক ভাল খেলার সামর্থ্য আছে। কোচকেই খুঁজে বের করতে হবে সেটা। যদি বেলজিয়ামের বিরুদ্ধে আমরা নিজেদের খেলায় উন্নতি করতে না পারি, বড় বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য।’ এই বক্তব্যের মাত্র একদিন আগেই ম্যারাডোনা জানিয়েছিলেন, অতিরিক্ত রক্ষণাত্মক কৌশলের কারণে বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা সমর্থকদের মন ভরাতে পারছে না। এর পেছনে সাবেলার সিদ্ধান্তকেই দায়ী করেন তিনি। ডেইলি মেইল অবলম্বনে