রড্রিগেজ বিক্রির জন্য নয়

ফ্রেঞ্চ ক্লাব মোনাকো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এবারের বিশ্বকাপের বিস্ময় প্যাকেজ জেমস রড্রিগেজকে তারা বিক্রি করবে না। একইসাথে দলের তারকা এই স্ট্রাইকারের জাতীয় দল কলম্বিয়ার সতীর্থ রাদামেল ফ্যালকাও বিক্রয়ের জন্য নয় বলেই ক্লাবটি দাবী করেছে। এখন পর্যন্ত পাঁচ গোল করে ব্রাজিল বিশ্বকাপে নেইমার, লিয়নেল মেসি, থমাস মুলারদের পিছনে ফেলে রড্রিগেজ সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন। এক বছর আগে পোর্তো থেকে ৪৫ মিলিয়ন ইউরো (৬০ মিলিয়ন ডলার) এর বিনিময়ে এই স্ট্রাইকারকে দলে নিয়েছিল মোনাকো। তবে বিশ্বকাপে আলোড়ন সৃষ্টি করা এই তরুণের জন্য ইতোমধ্যেই ইউরোপের শীর্ষ দলগুলো আগ্রহ প্রকাশ শুরু করেছে বলে গুজব রয়েছে। মোনাকো ভাইস-প্রেসিডেন্ট ভাদিম ভাসিলইয়েভ বলেন, ‘তার জন্য ক্লাবগুলো যে পরিমাণ অর্থলগ্নি করতে চাচ্ছে তা শুনলে প্রত্যেকেই অবাক হবে। এখন সবাই রড্রিগেজকে নিয়ে আলোচনা করছে। এর অর্থ হচ্ছে আমরা তাকে দলে এনে সঠিক কাজটাই করেছি।’ মোনাকোর এই কর্মকর্তা আরো জানিয়েছেন, আমরা এই খেলোয়াড়ের উপর অনেক বিশ্বাস করেছি। সে আমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার সাথে এখানো মোনাকোর চার বছরের চুক্তি রয়েছে। তার সাথে আমাদের দারুণ সুসম্পর্ক রয়েছে। চলতি বছর ফ্রেঞ্চ লীগে প্যারিস সেইন্ট জার্মেইর পরে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করার কারণে আগামী বছর চ্যাম্পিয়নস লীগে খেলার যোগ্যতা অর্জন করেছে মোনাকো। এবারের বিশ্বকাপ থেকে ইনজুরির কারণে ফ্যালকাও ছিটকে পড়ার পরে সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন রড্রিগেজ। আগামী মৌসুমে স্পেনে যাওয়া নিয়ে ফ্যালকাওকে নিয়েও গুজব রয়েছে। তবে ভাসিলইয়েভ জানিয়েছেন এ ব্যাপারে এখন পর্যন্ত কোন ক্লাবের সাথে আলোচনা হয়নি। আমরা তাকে দলে রাখতে আগ্রহী। আশা করছি সে আমাদের আরেকটি দারুণ মৌসুম উপহার দিতে পারবে।-বাসস