সরিষাবাড়ী যমুনা সার কারখানায় ওভারহোলিংয়ের নামে তুঘলকি কাণ্ড
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৪ জুলাই ২০১৪, ২১:৪৫
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দেশের সর্ববৃহত্ দানাদার ইউরিয়া উত্পাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় (জেএফসিএল) ওভারহোলিংয়ের নামে ৪৬ কোটি টাকা বরাদ্ধ নিয়ে কারখানা কর্তৃপক্ষ একটি লুটপাটের কান্ড শুরু করেছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। ওভারহোলিংয়ে বিভিন্ন অনিয়মের আগাম সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলেও সরকারের বিভিন্ন মন্ত্রনালয়, বিসিআইসি কিংবা কারখানার ওভারহোলিং কাজের তদারকি ব্যাক্তি বা প্রতিষ্ঠান ওভারহোলিংয়ের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের বিষয় গুরুত্ব না দেয়ায় সরকারের বরাদ্দকৃত অর্থের সিংহভাগ লুটপাটের অভিযোগ উঠেছে।
বিশ্বস্ত সূত্রে জানাগেছে, গত ৬ জুন ইতালিয়ান বিশেষজ্ঞরা কারখানার প্রকৌশলীদের নিয়ে ওভারহোলিংয়ের কাজ শুরু করেছেন। কমেপ্রসার টারবাইনের সব চেয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সীল ম্যাটেরিয়াল কারখানা কর্তৃপক্ষ আমদানী করেনি বলে জানা গেছে। আর সেই কারনে সীল ম্যাটেরিয়াল না লাগানোর কারনে ওভারহোলিংয়ের কাজ অসমাপ্তই থেকে গেল বলে নাম প্রকাশে অনিচ্ছুক প্রকৌশলীরা জানিয়েছেন। কর্তৃপক্ষ নতুন কোন যন্ত্রাংশ আমদানী না করায় কমেপ্রসার টারবাইনের বিয়ারিং গুলোর ত্রুটি মেরামত করেই কাজ শেষ করার অভিযোগ পাওয়া গেছে।
কারখানা সূত্রে জানা গেছে, ওভার হোলিংয়ের সময় কারখানার তিনটি বয়লার, রি-এ্যাক্টর, কুলার, কনভার্টার, বিভিন্ন কমেপ্রসার, টার্বাইনসহ বিভিন্ন যন্ত্রাংশ মেরামত করার কথা। এ জন্য দেশী-বিদেশী মূল্যবান ও প্রয়োজনীয় ভারী যন্ত্রাংশ ক্রয় করার কথা থাকলেও তা না করে যেনতেন ভাবে ওভারহোলিংয়ের কাজ শেষ করা হচ্ছে।
এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইখলাস উদ্দিন জানান, কারখানার ওভার হোলিং কাজে কোন অনিয়ম হচ্ছে না।