অনুমতি ছাড়া যাওয়ায় ফিরতে হচ্ছে সাকিবকে
প্রকাশ : ০৪ জুলাই ২০১৪, ২১:৪৫
অনুমতি ছাড়াই যাওয়ায় সাকিব আল হাসানের ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলা হচ্ছে না। শুধু তাই নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে দ্রুত দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে বলেছে।
জাতীয় দলের ক্রিকেটারদের বাইরের কোন টুর্নামেন্টে খেলতে গেলে বোর্ডের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হয়। সাকিব সেটা না নিয়েই গত বুধবার ক্যারিবীয়ান লিগে খেলতে ইংল্যান্ড যান। লন্ডনে কয়েক দিন অবস্থান শেষে তার ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যাত্রার প্রাক্কালে সাকিব জানতে পারেন, অনুমতি না থাকায় তাকে দেশে ফিরতে হবে।
এ ব্যাপারে বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘জাতীয় দলের বাহিরে কোন টুর্নামেন্টে ক্রিকেটাররা খেলতে চাইলে তাদেরকে বোর্ডের লিখিত অনুমতি পত্র নিতে হয়। সাকিব লিখিত অনুমতি ছাড়াই খেলতে চলে গেছে। এজন্য আমরা তাকে বলেছি যত দ্রুত সম্ভব দেশে ফিরে এসে জাতীয় দলের ক্যাম্পিংয়ে যোগ দাও এবং রিপোর্ট কর।’
জানা গেছে জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে পুরো সময়ের জন্য তাকে ছাড়তে নারাজ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কোচ চাইছিলেন সাকিব ৩১ জুলাই পর্যন্ত সিপিএলে খেলে দেশে ফিরে অনুশীলনে যোগ দিক। বিমানে ওঠার আগে এ নিয়ে কোচের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে সাকিবের।