পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যু

সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যু খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। ভেড়ামারায় বজ্রপাতে দুইজনের মৃত্যু কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া মণ্ডলপাড়া এলাকায় গতকাল শুক্রবার দুপুরে বজ্রপাতে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হচ্ছে, সায়েম (৮) ও ইমনা (১০)। আহত হচ্ছে, নাগর (৮), শাহেদ (১১) ও জ্যামি (৭)। আহত শাহেদ, নাগর ও জ্যামিকে ভেড়ামারা হাসপাতালে ভর্তি করলে জ্যমির অবস্থা আশঙ্কাজনক হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ময়মনসিংহের ভালুকা উপজেলার হাজিরবাজার এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে গতকাল শুক্রবার ভোরে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, ট্রাক হেলপার সফিক (২৬)ও কাঁচামাল ব্যবসায়ী মনির হোসেন (২৫)। আহত ট্রাক চালককে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাওয়ার পদ্মায় ডুবে এক শিশুর মৃত্যু মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ার পদ্মায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে মুন্নী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময় অজ্ঞাত পরিচয় (১২) অপর এক শিশু নিখোঁজ হয়। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খালিদ হাসান জানান, বাড়ির পাশে পদ্মা নদীতে প্রতিদিনের মতো গোসল করতে গিয়েছিল মুন্নী। এই সময় অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন ১২ বছরের এক শিশু গোসল করতে নামে। পানিতে নেমে খেলা করার সময় তারা দুজন তলিয়ে যায়। মুন্নীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে পাওয়া যায়নি।