বানারীপাড়া ভূমি অফিসে ইউএনওর শুদ্ধি অভিযান

বানারীপাড়ায় ভূমি অফিসে অব্যবস্থাপনা, অনিয়ম-দুর্নীতি হয়রানি রোধ করে দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। সদরসহ উপজেলার ৮ ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনার ফলে সৃষ্ট হয়রানির ফলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও সৈয়দ এজেড মোরশদে আলী সমপ্রতি এ শুদ্ধি অভিযানের উদ্যোগ নেন। এর অংশ হিসেবে ইতিমধ্যে অভিযুক্ত চাখার ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ বাদশাকে শাস্তিমূলক বদলি এবং বিশারকান্দি ও ইলুহার ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাসহ বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে নজরদারিতে রাখা হয়েছে। শুদ্ধি অভিযানের ফলে দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতংক বিরাজ করছে। এলাকাবাসী ইউএনওর উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন।