গাইবান্ধায় সড়কের মাঝে গাছ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার লালচামার-রহমতপুর পাকা সড়কের মাঝখানে পাঁচগাছি শান্তিরাম এলাকায় বিশাল আকৃতির একটি রেইন্ট্রি দন্ডায়মান থাকায় যানবাহন চলাচলে ব্যাপক অসুবিধার সৃষ্টি হচ্ছে। জানা গেছে, বিগত ২০১২-২০১৩ অর্থবছরে এলজিইডি ৮ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ৯ দশমিক ১ কিলোমিটার সড়কটি পাকা করে। এতে করে উপজেলার চরাঞ্চলসহ পূর্বাঞ্চলের মানুষের নলডাঙ্গা রেলস্টেশনসহ বিভাগীয় শহর রংপুর এবং বিভিন্ন এলাকায় যাতায়াতের ব্যাপক সুবিধা হয়। কিন্তু পাঁচগাছি শান্তিরাম এলাকার মানস নদীর উপরে নির্মিত ব্রীজ সংলগ্ন (পূর্বপার্শ্বে) সড়কের মাঝখানে রেইন্ট্রিটি দন্ডায়মান থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে ব্যাপক অসুবিধা সৃষ্টি হচ্ছে। ওই গাছটির কারণে প্রায় দুর্ঘটনাও ঘটছে। এ ব্যাপারে সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী জানান, মামলাজনিত কারণে গাছটি না কেটেই সড়কটি পাকা করার কাজ সম্পন্ন করা হয়েছে। তবে আইনগত সমস্যা শেষ হলে গাছটি কাটার ব্যবস্থা করা হবে।