বেতন বাড়ছে জাতিসংঘ শান্তিরক্ষীদের

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরতদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা, যার মধ্য দিয়ে বাংলাদেশসহ শান্তিরক্ষী সরবরাহকারী কয়েকটি দেশের প্রায় এক দশকেরও বেশি সময়ের কূটনৈতিক প্রচেষ্টা সফল হতে চলেছে। গত বৃহস্পতিবার জাতিসংঘ সদরদপ্তরে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে শান্তিরক্ষীদের বেতন বাড়ানোর বিষয়ে মতৈক্য হয় বলে জানা গেছে। শান্তিরক্ষা মিশনের শীর্ষ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে শান্তিরক্ষীরা ১ হাজার ২১০ মার্কিন ডলার মাসিক বেতন পাচ্ছেন। এটি বাড়িয়ে ১ হাজার ৪০০ ডলার করার ব্যাপারে তারা একমত হয়েছেন। শান্তিরক্ষা মিশনের সৈন্য, পুলিশ এবং বেসামরিক কর্মকর্তাদের বেতন বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রস্তাব (রেজ্যুলেশন) আকারে গৃহীত হওয়ার পরই তা কার্যকর হবে। আর পর্যায়ক্রমে চার বছরের মধ্যে এ সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটবে বলে জানান ওই কর্মকর্তা। চলতি সাধারণ অধিবেশনে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা হতে পারে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে জাতিসংঘের বিভিন্ন মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী পাঠানো বাংলাদেশের পক্ষ থেকে গত কয়েক বছর ধরেই শান্তিরক্ষীদের বেতন বাড়ানোর কথা বলা হচ্ছিল। এক্ষেত্রে বাংলাদেশের প্রস্তাব ছিল শান্তিরক্ষীদের বেতন বাড়িয়ে ১ হাজার ৭০০ ডলার করার। বাংলাদেশের প্রস্তাবে ভারত, পাকিস্তানসহ আফ্রিকার দেশগুলোরও সমর্থন ছিল। জাতিসংঘ থেকে পাওয়া সর্বশেষ তথ্যমতে, বিভিন্ন দেশে মোট ১৭টি মিশনে এক লাখ ১৭ হাজার ৯৬৭ জন শান্তিরক্ষী কর্মরত আছেন। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য ৮৪ হাজার ৫১১, পুলিশ ১২ হাজার ৪০১, সামরিক পর্যবেক্ষক এক হাজার ৮৪৩, বেসামরিক ১৭ হাজার ১৯০ জন। এসব মিশনে ১২২টি দেশের সেনা ও পুলিশ রয়েছে। এসব মিশনে বাংলাদেশের সবচেয়ে বেশি আট হাজার ৮১০ জন্য শান্তিরক্ষী কর্মরত আছেন। এর মধ্যে সেনাসদস্য সাত হাজার ৩৭ এবং পুলিশ এক হাজার ৬৯৮ জন। এছাড়া বিভিন্ন মিশনের কমান্ডিং অফিসারসহ সদর দপ্তরের কর্মকর্তা মিলিয়ে আরো ৭৫ জন রয়েছেন।