মীর নাছির ও হেলালের আপিল পুনঃশুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সহযোগিতার অভিযোগে বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলালউদ্দিনকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া দুটি রায় বাতিল ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে বিশেষ জজ আদালতের রায়ের বিরুদ্ধে তাদের করা আপিল পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়ে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। আপিল বিভাগের এই আদেশের ফলে মীর নাছির ও মীর হেলালকে হাইকোর্টে পুনরায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবীরা। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সহযোগিতার অভিযোগে ২০০৭ সালে রাজধানীর একটি থানায় মীর নাছির ও তার পুত্রের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। ওই বছরের জুলাই মাসে সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত নাসিরকে ১৩ বছর ও হেলালকে ৩ বছরের দণ্ড দেয়। বিচারকি আদালতের এই সাজার রায়ের বিরুদ্ধে পৃথক আপিল করেন তারা। ২০১০ সালের আগস্ট মাসে ওই আপিলের শুনানি শেষে হাইকোর্ট বিশেষ জজ আদালতের সাজার রায় বাতিল ঘোষণা করে। একইসঙ্গে তাদেরকে খালাস দেয়। এই খালাসের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল দায়ের করে দুদক। ওই লিভ টু আপিলের ওপর দুদক কৌঁসুলি এমএ আজিজ খান এবং নাছিরের পক্ষে এডভোকেট এজে মোহাম্মদ আলী শুনানি করেন। শুনানি শেষে আদালত লিভ টু আপিল দায়েরের আবেদন নিষ্পত্তি করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করে।