বিএনপিকে ধৈর্য ধারণের পরামর্শ সুরঞ্জিতের

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বিএনপিকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে বলেছেন, আপনাদের দুঃখ আমরা বুঝি। তবে যে ভুল করে ফেলেছেন তার খেসারত তো দিতেই হবে। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় বলেছেন, দেশে যা কিছু পরিবর্তন হবে সবই সাংবিধানিকভাবে হবে। তাই সময় আপনাদেরও আসবে, তবে এ জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন। শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অর্থ পাচার রোধে মানি লন্ডারিং আইন সংশোধনের আহ্বান জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, অর্থ পাচারের ঘটনা খুব উদ্বেগজনক। এটা প্রতিরোধে সরকারকে এ বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ ও মনোযোগী হতে হবে। প্রয়োজনে মানি লন্ডারিং ও সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করতে হবে। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতিশ চন্দ্র রায়, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজফ্ফর হোসেন পল্টু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, কৃষক লীগের সাধারণ সম্পাদক সামছুল হক রেজা প্রমুখ।