টানা বৃষ্টিতে লেকে পানি বৃদ্ধি

কাপ্তাই জলবিদ্যুত্ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল

টানা বৃষ্টিতে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই জলবিদ্যুত্ কেন্দ্রের ৫টি উত্পাদন ইউনিট সচল হয়েছে। লেকে পর্যাপ্ত পানি না থাকায় প্রায় গত ৪ মাস ধরে এই জলবিদ্যুত্ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে মাত্র ২টি ইউনিট সচল রাখা হয়েছিল। এতে এই কেন্দ্রের উত্পাদন অর্ধেকে নেমে আসে। কাপ্তাই লেকে গত মঙ্গলবার সকাল পর্যন্ত পানির উচ্চতা কমপক্ষে ১০ ফুট বৃদ্ধি পেয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এতে পিক আওয়ারে জলবিদ্যুত্ কেন্দ্রের ৫টি ইউনিট সচল করে ২৩০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করা সম্ভব হবে বলে কাপ্তাই জলবিদ্যুত্ কেন্দ্রের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। কর্নফুলী পানি বিদ্যুত্ কেন্দ্র থেকে গত মঙ্গলবার সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা যায়, বৃষ্টি শুরুর আগে কাপ্তাই লেকে পর্যাপ্ত পানির স্তর ছিল না। বিদ্যুত্ উত্পাদনে রুলকার্ভ অনুযায়ী লেকে পানি থাকতে হয় ৮০ ফুট এমএসএল। কিন্তু প্রয়োজনের তুলনায় প্রায় ৯ ফুট পানি কম থাকায় বিদ্যুত্ উত্পাদন সঙ্কটের মুখে পড়ে। গত সপ্তাহে ভারি বৃষ্টিতে কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে উপযু্ক্ত স্তর ৮০ ফুট এমএসএল ছাড়িয়ে গেছে। এতে বিদ্যুত্ উত্পাদনের জন্য কাপ্তাই জলবিদ্যুত্ কেন্দ্রের ৫টি ইউনিট সচল করা সম্ভব হয়। এ সময়ে কাপ্তাই লেকে কর্নফুলী বিদ্যুত্ কেন্দ্রে এই মৌসুমের সর্বোচ্চ ১৮০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। কাপ্তাই জলবিদ্যুত্ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আবদুর রহমান বলেন, কাপ্তাই লেকের পানি সঙ্কট কেটে যাওয়ায় এই কেন্দ্রের বিদ্যুত্ উত্পাদন এখন স্বাভাবিক হয়েছে। এতে কাপ্তাই থেকে জাতীয় গ্রিডে বিদ্যুত্ সরবরাহও দ্বিগুণ হয়।