নরসিংদীর কৃষাণি সেলিনা জাহান আইডিবি পদক নিয়ে দেশে ফিরেছেন

নারী উদ্যোক্তা হিসাবে ও খাদ্য নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালনের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক -‘আইডিবি অ্যাওয়ার্ড’ পেয়েছেন নরসিংদীর কৃতী সন্তান কৃষাণি সেলিনা জাহান। বিশ্বের ৫৬টি রাষ্ট্রের মধ্যে থেকে বাছাই করে দুইজন নারীকে আইডিবি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এদের একজন হলেন বাংলাদেশের কৃষাণি সেলিনা জাহান ও অন্যজন মরক্কোর এক নারী উদ্যোক্তা। জানা যায়, আইডিবি’র আমন্ত্রণে গত ২০ জুন সৌদি এয়ারলাইন্সযোগে পদক গ্রহণের জন্য বাংলাদেশ ত্যাগ করেন সেলিনা জাহান। গত ২৫ জুন সৌদি আরবের জেদ্দায় হিলটন হোটেলে ৫৬টি রাষ্ট্রের প্রধান ও প্রতিনিধিগণের উপস্থিতিতে সৌদি বাদশাহ ইব্রাহীম আল আবদুল আজিজ এর কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন সেলিনা জাহান। আইডিবি প্রেসিডেন্ট ড. আহম্মদ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে ৩৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল। এই অ্যাওয়ার্ডের আর্থিক মূল্য ২৫ হাজার ইউএস ডলার বা প্রায় ২০ লাখ টাকা। সৌদি আরব সফরের সময় সেলিনা জাহানের সফরসঙ্গী ছিলেন তার স্বামী সংগঠনের উপদেষ্টা শাহজাহান মিয়া ও কনসালটেন্ট কে. এইচ করিম পিটু। পদক গ্রহণ শেষে গত ২৭ জুন তিনি দেশে ফিরে এসেছেন। নরসিংদীর শিবপুর উপজেলার সৈকারচর গ্রামের কৃষাণি সেলিনা জাহান গ্রামীণ কৃষক দারিদ্র্য বিমোচন আত্মকল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক। এর আগে তিনি বঙ্গবন্ধু কৃষি পদক, চ্যানেল আই কৃষি পদক, মহান স্বাধীনতা দিবস পদক, বাংলাদেশ মহিলা পরিষদ পদকসহ বিভিন্ন সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট পেয়েছেন।