রাজস্থলীতে প্রাপ্ত ভালুক ছানা
বনবিভাগকে দিল সেনাবাহিনী
কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা
প্রকাশ : ০৪ জুলাই ২০১৪, ২২:০০
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা থেকে স্থানীয় লোকজন কিছুদিন আগে একটি ভাল্লুকের বাচ্চা কুড়িয়ে পায়। এক থেকে দেড় মাস বয়সী ভাল্লুকের বাচ্চাটি কোনো কারণে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে বনে ঘুরে বেড়ানোর সময় তা চোখে পড়ে। বনের অন্যান্য হিংস্র জীবজন্তু বাচ্চাটির ক্ষতি করতে পারে চিন্তা করে উপজাতি জনগণ বাচ্চাটিকে বন থেকে এনে কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ব্যাটালিয়ন ক্যাম্পে জমা দেন। সেনা সদস্যরা ভাল্লুকের বাচ্চাটিকে পরম স্নেহে কিছুদিন নিজেদের কাছে রাখে। সৈনিকরা ভাল্লুকের বাচ্চাটিকে দৈনিক ৪ থেকে ৫ লিটার দুধ খাওয়াতো। বাচ্চাটি মায়ের শোক ভুলে স্বাভাবিক জীবনে ফিরে আসে। সেনাবাহিনী বাচ্চাটিকে বনবিভাগের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়।
গত বৃহস্পতিবার রাঙ্গামাটি বনবিভাগে ভাল্লুকের বাচ্চাটিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। রাঙ্গামাটি বন বিভাগের অধীনস্থ কাপ্তাই রেঞ্জের ফরেস্টার মোঃ মাসুম উদ্দিন হাওলাদার ও ফরেস্টার মোঃ জাহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ভাল্লুকের বাচ্চাটি সেনাবাহিনীর কাছ থেকে বুঝে নেন। ভাল্লুকের বাচ্চাটি সুস্থ ও সবল রয়েছে বলে জানা গেছে। আপাতত দুধ ছাড়া অন্য কোনো খাবার খেতে পারছে না। বাচ্চাটিকে চিড়িয়াখানায় রাখা হবে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।