সোনারগাঁওয়ে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

জেলায় স্বামীর নির্যাতনে হালিমা (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোগড়াপাড়া ইউনিয়নের ছোট অর্জুন্দী গ্রামের মালেক প্রধানের বাগানে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বারদী ইউনিয়নের সেনপাড়া গ্রামের হালিমার সঙ্গে গত ৬ মাস আগে মোগড়াপাড়া ইউনিয়নের বাড়িমজলিস গ্রামের সুজনের সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই সুজন তার স্ত্রী হালিমার উপর নির্যাতন চালিয়ে আসছিল। ঘটনার আগের দিন সুজন তার স্ত্রীকে নিয়ে ইসলামপুরের বাসা থেকে ঘুরতে বের হয়। এর পর থেকেই নিখোঁজ ছিলেন হালিমা। গতকাল শুক্রবার সকালে মোগড়াপাড়া ইউপির ছোট অর্জুন্দী গ্রামের মালেক প্রধানের বাগানে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ঘটনার পর থেকে হালিমার স্বামী পলাতক রয়েছে। সূত্র জানায়, পুলিশ শাশুরি ও ননদকে আটক করেছে। সূত্র জানায়, সুজন ও নিহত হালিমা মেঘনা ইসলামপুর এলাকায় অবস্থিত টাইগার সিমেন্ট ফেক্টরিতে একসাথে কাজ করতো। বিয়ের আগে সুজন প্রায় হালিমাকে রাস্তা-ঘাটে উত্ত্যক্ত করতো। এনিয়ে হালিমা একটি মামলা দায়ের করলে সুজন প্রায় দুই মাস জেল খেটে বাড়ি ফিরে হালিমাকে বিয়ে করে। বিয়ের পর থেকে সে হালিমার উপর বিভিন্নভাবে নির্যাতন করতো।