এরশাদের বিরুদ্ধে ইসির মামলা

নির্বাচনী ব্যয়ের হিসাব না দেয়ায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার লালমনিরহাট সদর থানায় এ মামলা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবতাব উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। লালমনিরহাট সদর থানার ওসি এ এইচ এম মাহফুজুর রহমান জানান, বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা এরশাদের বিরুদ্ধে মামলাটি করেন। একই আসনে জাসদের প্রার্থীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে। এসব মামলার বিষয়ে তদন্ত চলছে। শিগগির তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে ৫৪২ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে নয় জন ব্যয়ের হিসাব জমা দেননি। সাতজন প্রার্থী নির্ধারিত সময়ের পরে ব্যয়ের হিসাব জমা দিয়েছিলেন। পরবর্তীকালে নির্বাচন কমিশন ১৬ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়। এরমধ্যে এইচ এম এরশাদসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে শিগগিরই মামলা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন অনুষ্ঠানের এক মাসের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। কেউ হিসাব জমা না দিলে তিনি দুই থেকে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন। প্রসঙ্গত, ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি অংশ না নেয়ার পর কয়েকবার সিদ্ধান্ত বদলে এক পর্যায়ে এরশাদও ভোটে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে রংপুর-৩, লালমনিরহাট-১ ও ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেন এরশাদ। ভোটের আগে সবগুলো আসনে তিনি মনোনয়ন প্রত্যাহারের আবেদন করলেও ঢাকারটি বাদে অন্য দুটির ক্ষেত্রে প্রত্যাহারের আবেদন গৃহীত হয়নি। রংপুর-৩ আসন থেকে বিজয়ী হন এরশাদ এবং লালমনিরহাট-১ আসনে হেরে যান। রংপুর ৩ আসনে এরশাদের নির্বাচনী ব্যয় হয়েছে ৩৮ হাজার ৫০০ টাকা, যার হিসাব রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন তিনি।