ইরাকে বাংলাদেশি শ্রমিকদের অপমান লাঞ্ছনা প্রহার

ইরাকে শত শত বাংলাদেশি নির্মাণ শ্রমিক দেশটির সেনা সদস্যদের হাতে প্রহার ও অপমানের শিকার হচ্ছে। দেশটিতে সুন্নি বিদ্রোহীদের হামলা শুরুর পর থেকে এ ধরনের ঘটনা ঘটছে বলে এএফপিকে জানিয়েছে দুই বাংলাদেশি শ্রমিক। ঢাকায় ফেরার পর রকিবুল ইসলাম নামে এক শ্রমিক বলেন, গত সপ্তাহের বৃহস্পতিবার শিয়া মুসলিম সেনারা ক্যাম্প মসজিদ থেকে এক বাংলাদেশি ইমামকে ধরে নিয়ে যায়। দুই দিন পর শনিবার তাকে মুক্তি দেয়া হয়। তার সারা শরীরে নির্যাতনের দাগ দেখেছি। সিগারেটের আগুন দিয়ে তার দাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। পরে ছুড়ি দিয়ে দাড়ি কেটে দেয়া হয়েছে। তাকে নির্যাতন করা হয়েছে কারণ সে সুন্নি। তাকে আটকের জন্য প্রতিবাদ করার পরই মুক্তি দিয়েছে ইরাকি সেনারা। গত মঙ্গলবার ২১ জন বাংলাদেশি ইরাক থেকে দেশে ফেরেন। তাদের একজন মফিদুল ইসলাম বলেন, ব্যাপক হারে সেখানে নির্যাতন চালানো হচ্ছে। আমাদের শত শত সহকর্মীকে তারা মারধর করেছে। দাড়িওয়ালা লোক দেখলেই তারা মনে করে সুন্নি জঙ্গি। তাই দাড়িওয়ালা লোকদের টার্গেট করে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। দক্ষিণ কোরীয় কোম্পানিতে কর্মরত এসব বাংলাদেশি নিজেদের টাকায় দেশে ফিরে এসেছেন। বার্তা সংস্থা ইউএনবি’র এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধকবলিত ইরাকে বিপাকে পড়েছে বাংলাদেশিরা। ইরাক প্রবাসী বাংলাদেশি শ্রমিক শেখ বেলাল টেলিফোনে জানান, আমরা সরকারি বাহিনীকে যেমন ভয় পাই, তেমনি বিদ্রোহীদের নিয়ে আতঙ্কিত। বেলাল জানান, গত বুধবার তিকরিত শহরে ইরাকি সেনা ও সুন্নি জঙ্গিদের মধ্যে সংঘর্ষের সময় প্রাণে বাঁচতে সে ও তার সঙ্গে থাকা কয়েকজন বাংলাদেশি শ্রমিক একটি গুদামে লুকিয়ে ছিলেন। এ সময় ইরাকে বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সংঘর্ষ থামলে উদ্ধার করা হবে বলে আশ্বাস দেন। পরে দূতাবাসের সহায়তায় তারা মুক্তি পান।