আত্মীয়-স্বজনের সাথে ইফতার করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ০৪ জুলাই ২০১৪, ২২:৩৫
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়-স্বজনের জন্য গতকাল শুক্রবার গণভবনে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় তিনি বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রীর মেয়ে অটিজম বিশেষজ্ঞ সায়মা হোসেন পুতুলও ইফতার মাহফিলে অংশ নিয়েছেন।
ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব মাওলানা এম সালাউদ্দিন আহমেদ। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, স্বাধীনতা যুদ্ধ এবং বিভিন্ন গণআন্দোলনের বীর শহীদসহ ১৫ আগস্টে শহীদের আত্মার শান্তি কামনা করা হয়।
ইফতার মাহফিলে সংসদ সদস্য ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য মাহবুব আরা গিনি, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান পাপন প্রমুখ উপস্থিত ছিলেন।