রোবি ভিসি দ্বিতীয় দিনও অবরুদ্ধ
প্রকাশ : ০৪ জুলাই ২০১৪, ২২:৩৭
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বকেয়া বেতন-ভাতার দাবিতে গতকাল শুক্রবারও ভিসিকে অবরুদ্ধ করে রাখেন কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে এই অবরুদ্ধ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ১৩৮ জন কর্মকর্তা-কর্মচারী ১৪ মাসের বেতন-ভাতা না পেয়ে এই আন্দোলনে নেমেছেন।
জানা যায়, সাবেক ভিসি অধ্যাপক ড. আবদুল জলিল মিয়া ক্ষমতায় থাকাকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ছাড়াই ৩৩৮ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেন। পরবর্তীতে অধ্যাপক ড. একেএম নূর-উন-নবী উপাচার্য হিসেবে যোগদানের পর পদ সৃষ্টি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন নিয়ে ২০০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারীর চাকরি স্থায়ী করেন। বাকি ১৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর বিষয়টি সুরাহা হয়নি। ফলে তারা ১৪ মাস থেকে বেতন পাচ্ছিল না। এক পর্যায়ে গত বৃহস্পতিবার থেকে তারা আন্দোলনে নামেন। ওইসব কর্মকর্তা-কর্মচারী উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবীকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। এর আগে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ভিসি অবরুদ্ধ ছিলেন।
এ ব্যাপারে ভিসি প্রফেসর ড. একেএম নূর-উন-নবী সাংবাদিকদের জানান, ইউজিসি যেসব পদের অনুমোদন দিয়েছে তারাই শুধু বেতন পাবেন। এক বছর আগে দায়িত্ব নেয়ার সময় সাড়ে ৩’শ জনের চাকরি ছিল না। আমি পর্যায়ক্রমে প্রায় আড়াইশ পদের অনুমোদন নিয়ে তাদের চাকরি স্থায়ী করেছি। বাকি যারা রয়েছে তাদের চাকরিও পর্যায়ক্রমে স্থায়ী হবে বলে তিনি জানান।