সয়দাবাদ বেলকুচি এনায়েতপুর বাইলেন নির্মাণ কাজে স্থবিরতা

মুখ থুবড়ে পড়েছে সিরাজগঞ্জের সয়দাবাদ-বেলকুচি-এনায়েতপুর বাইলেন প্রকল্পের কাজ। ২০১২ সালের এপ্রিলে প্রকল্প কাজের বেঁধে দেয়া সময়সীমা শেষ হয়েছে। অথচ গত জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত গত ৪ বছরে পুরো প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি। ঠিকাদারের গড়িমসি ও বৃষ্টির কারণে প্রকল্পে খানাখন্দের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। সড়কের পাশে সঠিক অনুপাতে ঢালু না রাখায় সামান্য বৃষ্টির পানিতে তৈরিকৃত রাস্তা ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে। জানা গেছে, সঠিক সময়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় মুখ থুবড়ে পড়েছে এই প্রকল্পের কাজ। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০১০ সালে সয়দাবাদ-বেলকুচি-এনায়েতপুর বাইলেন প্রকল্পের টেন্ডার আহবান করা হয়। ২০১১ সালের ৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ২০ কিলোমিটার দৈর্ঘ্যের সিরাজগঞ্জের সয়দাবাদ-বেলকুচি-এনায়েতপুর বাইলেন এই সড়কটির নির্মাণ কাজের দায়িত্ব পান ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান ন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেড। সিরাজগঞ্জ জেলার সওজ নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান জানান, সয়দাবাদ থেকে বেলকুচি পর্যন্ত প্রথম ১০ কিলোমিটার রাস্তা শেষ হওয়ার পথে। ঠিকাদারী প্রতিষ্ঠান হয়তো আগামী অর্থবছরে বেলকুচি থেকে এনায়েতপুর পর্যন্ত বাকি ১০ কিলোমিটার সড়কের কাজ শেষ করবে। যদি না পারে সেক্ষেত্রে তাদের নতুন করে চিন্তাভাবনা করতে হবে।