মিরসরাই পৌরসভার প্রধান সড়ক খানা-খন্দে ভরা

মিসরাই পৌরসভার প্রধান সড়ক খানা-খন্দে ভরা। ঢালাই উঠে গিয়ে সড়কের অধিকাংশ জায়গায় মাটি বের হয়ে গেছে। একটু বর্ষা হলেই এই সড়কে যাতায়াতকারীদের ওপর নেমে আসে চরম দুর্ভোগ। আর বর্ষা না থাকলে খানাখন্দে ভরা সড়কে যানবাহন নিয়ে পড়তে হয় বিপাকে। সামান্য বৃষ্টি হলে সড়কের ইটের সুড়কি ও বিভিন্ন ভবনের শৌচাগারের ময়লা-আবর্জনার দুর্গন্ধে পথচারীদের চলাচল বন্ধ হওয়ার উপক্রম। মিরসরাই পৌরসভার প্রধান সড়কটির নাম চাঁদপুর গোভনীয়া সড়ক। এ সড়ক দিয়ে পৌরসভা অফিস এবং মিরসরাই উপজেলার বিভিন্ন অফিস, মিরসরাই কলেজ, কামিল মাদ্রাসা, পাইলট উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, কিন্ডারগার্টেন, এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরসরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজারো শিক্ষার্থী ও মানুষ যাতায়াত করে। মিরসরাই ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফি বলেন, কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা অবর্ণনীয় দুর্ভোগ পোহায় এ সড়কে যাতায়াতের সময়। মিরসরাইয়ের ইউএনও মুহম্মদ আশরাফ হোসেন বলেন, এই সড়কটি ব্যবহার করতে গিয়ে অফিসারসহ সবাইকে প্রতিদিনই দুর্ভোগে পড়তে হয়। মিরসরাই পৌরসভার মেয়র মো. শাহজাহান বলেন, সড়কটি নিয়ে পৌর কর্তৃপক্ষ বিব্রত। তাই যত দ্রুত সম্ভব এ সড়কের কাজ শুরু করতে আমরাও তত্পর।