চাটমোহরে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার চলছে

পাবনার চাটমোহরের সর্বত্র কারেন্ট জাল দিয়ে মাছ শিকার চলছে। অবৈধ কারেন্ট জালের মাধ্যমে নির্বিচারে মত্স্য ধরার কারণে দেশীয় প্রজাতির অনেক মাছ এখন হারিয়ে যেতে বসেছে। ফলে ভবিষ্যতে এ এলাকায় মিঠাপানির মাছের আকাল দেখা দিতে পারে বলে অভিজ্ঞজনদের আশংকা। একদিকে চলছে মত্স্য সপ্তাহ আর অন্যদিকে চলছে নির্বিচারে মাছের পোনা নিধন- এই হলো উপজেলা মত্স্য দপ্তরের কার্যক্রম। অন্য বছরের তুলনায় এ বছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মিঠা পানির মাছের প্রজনন বৃদ্ধি পেয়েছিল। কিন্তু মত্স্য দপ্তরের নিষ্ক্রিয়তায় অতিলোভী মত্স্য ব্যবসায়ীদের কারণে মা মাছ ও রেণু পোনা নিধন চলছে। উপজেলার প্রায় সবকটি হাট-বাজারে কারেন্ট জাল দেদারসে বিক্রি হলেও প্রশাসন রয়েছে নির্বিকার। সচেতন মহলের অভিযোগ, মত্স্য দপ্তরের কর্মকর্তারা ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নিয়ে জাল বিক্রির সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন। সরেজমিনে ডিকশি বিল, খলিশাগাড়ি বিল, আফরার বিল, বগা বিল, কুড়ালিয়া বিল, নিমাউচড়া ও হান্ডিয়াল বিলে গিয়ে দেখা গেছে, অবৈধ কারেন্ট জাল দিয়ে অবাধে পোনা মাছ ধরা হচ্ছে। বিষয়টি দেখেও না দেখার ভান করছে মত্স্য অধিদপ্তর।