বরগুনায় প্রয়াত এমপি’র ভাইয়ের সংবাদ সম্মেলন

বরগুনা ২ (পাথরঘাটা বামনা বেতাগী) আসনের প্রয়াত এমপি গোলাম সবুর টুলুর ভাই গোলাম অহিদ টিপু ভাতিজার হাতে খুন হওয়ার আশঙ্কার কথা জানিয়ে গতকাল শনিবার পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে টিপু জানান, তার চাচাতো ভাইয়ের ছেলে গোলাম মর্তূজা আজাদ একজন মাদকসেবী, মাদকদ্রব্য বিক্রি ও চুরির দায়ে একাধিকবার হাজতবাস করেছে। এ ছাড়া একটি হত্যা মামলারও সে আসামি। এলাকায় সে গডফাদার হিসেবে পরিচিত। অভিযোগ, অস্বীকার করে গোলাম মর্তূজা আজাদ জানান, প্রয়াত এমপি’র পুরো মেয়াদকালীন আমি নির্যাতিত ছিলাম। আমার বিরুদ্ধে হয়রানিমূলক একাধিক মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমার শিক্ষিকা স্ত্রীকে দাদার প্রতিষ্ঠিত কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের কোয়ার্টার থেকে অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে। এমনকি তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তও করেছে প্রয়াত এমপি’র ভাই ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম নাসির।