উল্লাপাড়ায় স্কুল ছাত্রী অপহরণের সময় ৮ অপহরণকারী গ্রেপ্তার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৫ জুলাই ২০১৪, ২১:১৬
গতকাল শুক্রবার গভীর রাতে উল্লাপাড়া উপজেলার হাড়িভাঙ্গা গ্রামে আব্দুস সাত্তার মাষ্টারের বাড়ি থেকে এক স্কুল ছাত্রীকে অপহরণের সময় পুলিশ ৮ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। এরা হল- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বলরামপুর গ্রামের ইমরান হোসেন, লিটন আলী, উজ্জল সরকার, আসলাম হোসেন, মেহেদী হাসান, রুহুল আমিন, রুবেল শেখ ও বরাত আলী।
ঐ ছাত্রীর মামা অভিযোগ করেন, তার ভাগ্নি তার বাড়িতে থেকে স্থানীয় সলপ উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে লেখাপড়া করত। অপহরণকারীরা ঘটনার সময় উক্ত ভাগ্নিকে অপহরণের উদ্দেশ্যে তার বাড়ির চারপাশে অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে তিনি উল্লাপাড়া থানায় খবর দিলে ওসি তাজুল হুদার নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে অপহরণকারীদের ধরে ফেলে।
এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি অপহরণ মামলা করেছেন আব্দুস সাত্তার। ওসি তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।