মজুরি কমানোর প্রতিবাদে ৪ দিন সার ওঠা-নামা বন্ধ
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৫ জুলাই ২০১৪, ২১:১৭
দিনাজপুরের পার্বতীপুরের বাফার গুদামের সার ওঠানোর মজুরি প্রতিটন ১১ টাকার স্থলে ২ টাকা নির্ধারণ করায় গত ৪ দিন ধরে কাজ বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। এতে দিনাজপুর ও নীলফামারী জেলায় সার সরবরাহ করা যাচ্ছে না। বাফার গুদাম কুলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনসার আলী বলেন, একমাস আগেও তারা প্রতিটন সার ওঠানো-নামানোর জন্য মজুরি পেতেন ১১ টাকা। নতুন ঠিকাদার ১১ টাকার স্থলে ২ টাকা নির্ধারণ করায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। এ কারণে তাদের কাজ বন্ধ রেখে এর সুরাহা না হওয়া পর্যন্ত কাউকেই কোন কাজ করতে দেয়া হবে না। তারা নিবন্ধিত শ্রমিক। শ্রম আইনানুযায়ী নিবন্ধিত শ্রমিকদের বাদ দিয়ে বাইরের শ্রমিক দিয়ে কাজ করা শ্রম আইনের পরিপন্থি বলেই তারা বাইরের শ্রমিকদের কাজে বাধা দিয়েছেন। ঠিকাদার বাবু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণের বিষয়টি ঠিকাদারের একান্তই নিজস্ব বিষয়। নিজের সামান্য লাভ ধরেই শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে। এতে তাদের পোষালে কাজ করবে, আর না পোষালে করবে না। শ্রমিকদের বাধার কারণে বাইরে থেকে শ্রমিক এনে কাজ করাও যাচ্ছে না।
বাফার গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গত অর্থবছরে প্রতিটন সার ওঠানো অথবা নামানোর জন্য ১৩ টাকা হিসেবে শ্রমিকদের মজুরি দেয়ার কথা বলে কাজ পায় মেসার্স শাপলা ট্রেডার্স নামের প্রতিষ্ঠান। কিন্তু শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি মজুরি দেয় ১১ টাকা করে। চলতি অর্থবছরে বাবু এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান কাজটি নিয়েছে মাত্র ২ টাকা ৮০ পয়সা হিসেবে। ঠিকাদার শ্রমিকদের মজুরি নির্ধারণ করেছেন ২ টাকা। উভয়পক্ষকে নিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা করা হচ্ছে।