ইউরোপে খেলতে আগ্রহী ভ্যালেন্সিয়া
প্রকাশ : ০৫ জুলাই ২০১৪, ২১:৪১
বিশ্বকাপে দারুণ পারফরমেন্সের পর ইউরোপিয়ান ক্লাবে জায়গা পাওয়ার ব্যাপারে আশাবাদী ইকুয়েডর এনার ভ্যালেন্সিয়া। ২৪ বছর বয়সী এ তারকা খেলোয়াড় বর্তমানে মেক্সিকোর ঘরোয়া লিগে খেলেন। কিন্তু এখন তিনি বড় কোন ক্লাবে যাওয়ার স্বপ্ন দেখছেন। স্কাই স্পোর্টসের ভাষ্যমতে টিভি আজটেকাকে ভ্যালেন্সিয়া বলেন, ‘আমি মেক্সিকো এবং বিশ্বকাপে যা করেছি তাতে ইউরোপের কোন ক্লাবে যাওয়াটা আমার জন্য ভাল হবে। আমি ইতালিয়ান ফুটবল পছন্দ করি। কিন্তু আমি যদি ইউরোপের কোন ক্লাবে যেতে পারি সেটা আমার জন্য ভাল হবে এবং সেটাকেই আমি স্বাগত জানাব এবং চেষ্টা করব।’ স্পেনের কোন দলের কাছ থেকে প্রস্তাব পেলে কি করবেন প্রশ্ন করলে, এমন কোন প্রস্তাব ফিরিয়ে দেয়াটা কঠিন হবে বলে স্বীকার করেন ভ্যালেন্সিয়া। তিনি আরো বলেন, ‘বিশ্বের সেরা লিগ হয় সেখানে (স্পেনে)। যদি সেখানকার কোন ক্লাবে যাওয়ার সুযোগ থাকে তবে অবশ্যই আপনার রেসটা গ্রহণ করা উচিত।’