নাঙ্গলকোটের দৌলখাঁড় সড়ক সেতুটি এখন মরণ ফাঁদ
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০৫ জুলাই ২০১৪, ২১:৪৪
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দক্ষিণাঞ্চলের জনগণের যাতায়াতের প্রধান সড়ক (এলজিইডির) নাঙ্গলকোট-দৌলখাঁড়-বক্সগঞ্জ সড়কের লক্ষ্মীপুর খালের উপর নির্মিত সেতুটির রেলিং ভেঙ্গে ও পাটাতন ফেটে গিয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। তারপরও প্রতিদিন প্রয়োজনের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন ও জনসাধারণকে এই সেতুর উপর দিয়ে চলাচল করতে হচ্ছে। এতদাঞ্চলের জনগণের যাতায়াতসহ ব্যবসায়ীদের মালামাল পরিবহনে এ সড়কই একমাত্র ভরসা। তাই ক্ষতিগ্রস্ত এ সেতুর উপর দিয়ে প্রতিদিন অসংখ্য হালকা ও ভারী যানবাহন চলাচল করে। যে কোন মুহূর্তে সেতুটি ধসে পড়লে এলাকাবাসীকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে। এতে একদিকে অধিক সময় ও অর্থ ব্যয় করে জনসাধারণকে অন্যপথে অনেক দূর পথ পাড়ি দিয়ে যাতায়াত করতে হবে। নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, সেতুটির অবস্থা সম্পর্কে আমরা অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করানোর পর অর্থ বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।