গার্মেন্টস শ্রমিকদের সময়মত বেতন দিন

-সিএমপি কমিশনার রমজান মাসে শ্রমিকদের বেতন ও বোনাস দেয়াকে কেন্দ্র করে পোশাক শিল্প খাত যাতে অস্থির হয়ে না ওঠে সেজন্য গার্মেন্টস মালিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। শ্রমিকদের সময়মত বেতন ও বোনাস প্রদানের পরামর্শ দিয়ে তিনি বলেন, ঈদের আগে বেতন বোনাস না পেলে শ্রমিকরা উত্তেজিত হয়ে অরাজকতা সৃষ্টি করতে পারে। গতকাল শনিবার চট্টগ্রামের গার্মেন্টস মালিকদের সাথে মতবিনিময়কালে পুলিশ কমিশনার এসব কথা বলেন। সিএমপি সদর দফতরে অনুষ্ঠিত সভায় গার্মেন্টস মালিকরা বলেন, সামান্য অজুহাতে শ্রমিকরা রাস্তায় নেমে গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধ করে। এতে সাধারণ মানুষের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। তারা গার্মেন্টসের আশেপাশে বখাটেদের উত্পাত, গার্মেন্টসের মালামাল চুরি ও নাশকতা, গার্মেন্টস পণ্য নিরূপদ্রবে পরিবহনে পুলিশের সহযোগিতা কামনা করেন। পুলিশ কমিশনার গার্মেন্টস শিল্প এলাকায় সবধরনের পুলিশী সহযোগিতা বৃদ্ধির আশ্বাস প্রদান করেন।