টাঙ্গাইলে যৌনপল্লী উচ্ছেদে আজ গণ জমায়েত

টাঙ্গাইলের যৌনপল্লী উচ্ছেদ আন্দোলন শুরু করেছে ‘টাঙ্গাইল অসামাজিক কার্যকলাম প্রতিরোধ কমিটি’। আজ রবিবার এ কমিটি টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে সকাল নয়টায় গণজমায়েত ও সকাল দশটায় টাঙ্গাইল পৌরসভার মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করবে। তবে যৌনপল্লী উচ্ছেদের নামে ওই জায়গা প্রভাবশালী মহল দখলে চেষ্টা করছে বলে অভিযোগ যৌনকর্মীদের। টাঙ্গাইল অসামাজিক কার্যকলাম প্রতিরোধ কমিটির সেক্রেটারী আলহাজ্ব মাওলানা আব্দুল জলিল জানান, টাঙ্গাইল পতিতাপল্লীতে শুধু যিনা বা ব্যভিচারই হয় না- সেখানে মাদক, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন নেশাদ্রব্য ক্রয়-বিক্রয় করা হয়। অসহায় নিরীহ শিশুদের জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। এসব কারণেই এ আন্দোলন শুরু হয়েছে। তবে এ আন্দোলন সম্পর্কে কিছু জানেন না কমিটির সভাপতি মাওলানা আব্দুল আজীজ। তিনি বলেন, যৌনকর্মীদের হঠাত্ করে উচ্ছেদ না করে তাদের আগে কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে পাপাচারের পথ থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে যৌনকর্মীদের সংগঠন নারী মুক্তি সংঘের সভানেত্রী আকলিমা বেগম আঁখি বলেন, যৌনপল্লীর চারপাশে দেয়াল নির্মাণ করা হয়েছে। মেয়েরা এখন বাইরে থাকে না। তারপরও আমাদের উচ্ছেদ করার আন্দোলন করা হচ্ছে। আসলে আন্দোলনের নামে যৌনপল্লীর জায়গা দখলে নেয়ার চেষ্টা করা হচ্ছে।