চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে লাখ টাকা ছিনতাই
প্রকাশ : ০৫ জুলাই ২০১৪, ২১:৫৭
উত্তরার আব্দুল্লাহপুরে শনিবার সকালে চলন্ত বাসে এক ব্যবসায়ী ছিনতাইকারীর কবলে পড়েছেন। ছিনতাইকারীরা এসময় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে পালিয়ে যাওয়ার সময় বাসের যাত্রীরা ধাওয়া করে এক ছিনতাইকারীকে আটক করে। ছিনতাইয়ের শিকার আবুল হোসেন জানান, সকালে দোকানের জন্য মালামাল ক্রয়ের জন্য গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে একটি বাসে রওনা দেন। বাস আব্দুল্লাহপুর আসার পর সিটের পাশের যাত্রী বমির ভাব দেখিয়ে তার ওপর পড়ে তার পেটে ধারালো অস্ত্র ঠেকিয়ে পাশে বসে থাকা আরো দুইজন ছিনতাইকারী তার পকেট থেকে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তার চিত্কারে বাসের যাত্রীরা তাদের ধাওয়া করে কবির নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে তার কাছে ছিনতাইয়ের টাকা পাওয়া যায়নি।
উত্তরা পূর্ব থানার এস আই জানান, কবিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। এদিকে শুক্রবার রাতে উত্তরার জসীমউদ্দীন রোডে লিপি নামে এক গৃহবধূর রিকশার গতিরোধ করে দুর্বৃত্তরা ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোন, এটিএম কার্ড ও নগদ টাকা ছিনিয়ে নেয়।