শিল্পী সুবীর চৌধুরীর শেষকৃত্য
প্রকাশ : ০৫ জুলাই ২০১৪, ২১:৫৮
চারুশিল্প সংগঠক সুবীর চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বৃষ্টির মধ্যেই শনিবার সবুজবাগ শ্মশানঘাটে তার দাহ সম্পন্ন হয়েছে। এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও শিল্পকলা একাডেমিতে দুই দফা তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধায়নে কেন্দ্রীয় শহীদ মিনারে সুবীর চৌধুরীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন আয়োজন করা হলেও বৃষ্টির কারণে তা বাতিল করে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সেখানে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত মন্ত্রিপরিষদের সদস্য, চারুশিল্পী, চারুশিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা স্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানায়। এসময় ফুলে ফুলে ঢেকে যায় এই শিল্প সংগঠকের শবদেহ।
তার প্রতি শ্রদ্ধা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, কাইয়ূম চৌধুরী, রফিকুন নবী, শহীদ কবির, বীরেন সোম, সৈয়দ জাহাঙ্গীর, কালিদাস কর্মকার, মনিরুল ইসলাম, মনিরুজ্জামান, নিসার হোসেন, ফরিদা জামান, আলোকচিত্রী নাসির আলী মামুন, কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য, নাট্যজন রামেন্দু মজুমদার, কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত, তথ্যচিত্র নির্মাতা মানজারেহাসিন মুরাদ, প্রাবন্ধিক মফিদুল হক, কণ্ঠশিল্পী শামা রহমান প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান ডিন আবুল বারক্্ আলভীসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও অনুষদের মৃিশল্প, অঙ্কন ও চিত্রায়ন, প্রিন্টমেকিং বিভাগের পক্ষেও শ্রদ্ধা জানানো হয়। সংগঠনগুলোর পক্ষে শ্রদ্ধা জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুক্তিযুদ্ধ জাদুঘর, জাতীয় জাদুঘর, বেঙ্গল ফাউন্ডেশন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, ঢাকা আর্ট সেন্টার, কসমস গ্যালারি, সার্বজনীন পূজা কমিটি, মহিলা পরিষদ, নারী পক্ষ, ছাত্র ইউনিয়নসহ আরো অনেক সংগঠন। শ্রদ্ধাজ্ঞাপন শেষে পালন করা হয় এক মিনিট নিরবতা।
এরপর তার মরদেহ নিয়ে আসা হয় তার এক সময়কার কর্মস্থল শিল্পকলা একাডেমিতে। সেখানে মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরীসহ একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শ্রদ্ধা জানান। এখানেও শ্রদ্ধাজ্ঞাপন শেষে পালন করা হয় এক মিনিট নিরবতা।
আগামী ১১ জুলাই বেঙ্গল শিল্পালয়ে তার নাগরিক শ্রদ্ধানুষ্ঠান ও ১২ জুলাই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে তার শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে।