ইরাকে অপহূত ভারতের ৪৬ নার্স দেশে ফিরলেন
প্রকাশ : ০৫ জুলাই ২০১৪, ২২:২৫
জীবনের সবচে দুর্বিসহ কয়েকটি দিন কাটিয়ে অবশেষে দেশে ফিরে এলেন ইরাকে অপহূত ৪৬ ভারতীয় নার্স। গতকাল শনিবার এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান ওই ৪৬ নার্স ও আরও ১৩৭ জনকে নিয়ে মুম্বাই থেকে কেরালায় পৌঁছায়। বিমানে যে প্রতিনিধি দল গিয়েছিলেন তাতে এক নারী কর্মকর্তাসহ কেরালার দুই আমলাও ছিলেন। ইরাকের আইএসআইএস-এর দুর্ধর্ষ সুন্নি জঙ্গিরা কয়েকদিন আগে নার্সদের অপহরণ করেছিল। ভারত সরকারের বিশেষ তত্পরতায় মুক্ত হয়ে নার্সরা গতকাল দেশের উদ্দেশে ইরাক ত্যাগ করে। তাদের অপেক্ষায় ছিল গোটা ভারত। খবর পিটিআই ও জি নিউজের।
জানা গেছে, গত কয়েকদিন ধরে ইরাকের তিকরিত শহরে এদের আটকে রাখা হয়েছিল। তাদের হত্যার হুমকি দেয়ার পর ভারত সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের জীবিত ফিরিয়ে আনতে পারায় প্রশাসন স্বস্তিবোধ করছে। অপহূত নার্সদের দেশে ফিরিয়ে আনতে শুক্রবার ইরাকের এরবিল বিমানবন্দরে বিশেষ বিমান পাঠায় ভারত। দিল্লী থেকে বিশেষ বিমানে এরবিল উড়ে যান কেন্দ্রীয় ও কেরালা সরকারের দুই প্রতিনিধি। বৃহস্পতিবার আইসিস জঙ্গিরা আটকে রাখা ভারতীয় নার্সদের তিকরিত থেকে মসুল শহরে নিয়ে যায়।
গতকাল ভারতের কোচিতে পা দিয়েই কেঁদে ফেলেন জীবন ফিরে পাওয়া এসব নার্স। পরিবারের সঙ্গে আবার মিলিত হবার সুযোগ তারা আর কোনোদিন পাবেন তা বিশ্বাস করতে পারছিলেন না। কারণ আইসিস জঙ্গিরা এ পর্যন্ত অগণিত ইরাকি ও বিদেশীদের হত্যা করেছে। জঙ্গিদের কবল থেকে নার্সদের মুক্ত করে ফিরিয়ে আনা মোদী সরকারের বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।