নওগাঁয় আদম বেপারীর দৌরাত্ম্য

উচ্চ বেতনের চাকরির আশায় আদমব্যাপারীর খপ্পরে পড়ে তের মাস আগে নওগাঁর আত্রাই উপজেলা থেকে অসহায় ও গরিব ৯ যুবক মালয়েশিয়া যাওয়ার কথা বলে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ঘটনায় গ্রামে কয়েকবার বৈঠক ও স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। এলাকায় বহুল আলোচিত এ ঘটনা হলেও স্থানীয় ও জেলা পুলিশ প্রশাসন দাবি করেন, তারা কিছু জানেন না। এদিকে পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে পরিবার-পরিজন মানবেতর জীবনযাপন করছে। নিখোঁজদের ফিরিয়ে আনতে আদম ব্যাপারীদের উপর চাপ দিলে তালবাহানা করে। সরকারের কাছে পরিবার ও এলাকাবাসী দাবি জানিয়েছেন, আদম ব্যাপারীদের দ্রুত গ্রেফতার করে নিখোঁজদের ফিরিয়ে দিতে। নিখোঁজরা হলেনঃ আত্রাই উপজেলার ইসলামগাঁতী গ্রামের শামসুল রহমানের ছেলে আবু তায়েব প্রাং(২০), চাঁন প্রাং-এর ছেলে হামিদুল ইসলাম(১৮), সুরুজ প্রাং-এর ছেলে সজীব প্রাং (১৮), শফির প্রাং এর ছেলে মহসিন প্রাং(২৮), জানবক্সের ছেলে মোশারফ হোসেন(২২), মল্লিক মণ্ডলের ছেলে আলতাব মণ্ডল (২৪), মোহাম্মদ শেখের ছেলে মিয়াজান শেখ, রাণীনগর গ্রামের মজিবর রহমানের ছেলে উজ্জ্বল হোসেন( ২৬) ও মেহের আলীর ছেলে খোকন হোসেন(২১)। আত্রাই উপজেলার ইসলামগাঁতী গ্রামের সামাদ ও ময়েজ নামে দুই আদম ব্যাপারী বেশি বেতনে চাকরি দেবে বলে জনপ্রতি ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে একই গ্রামের একই পাড়ার গরিব ও অসহায় ৯ জন ও পার্শ্ববর্তী রাণীনগর গ্রাম থেকে ২ জন যুবককে গত বছর ১২ জুন মালয়েশিয়া পাঠাবে বলে নিয়ে যান। এরপর বিভিন্ন এলাকার ২৫/২৬ জন যুবককে প্রথমে নাটোর জেলার একটি হোটেলে একত্র করা হয়। এরপর বিভিন্ন দালালের হাত ঘুরে নিয়ে যাওয়া হয় টেকনাফে। এরপর আব্দুল্লাহ ও ইসমাইল নামে অন্য দুই আদম ব্যাপারীর কাছে তাদের দুটি গ্রুপে বিভক্ত করা হয়। তখন আব্দুল্লাহ গ্রুপের কয়েকজন যুবক বুঝতে পারেন তারা বিপদের মুখে। তখন তারা কৌশলে জীবন নিয়ে পালিয়ে আসে আদম ব্যাপারীদের হাত থেকে। আর তারা ফিরে এসে পরিবারদের বিষয়টি জানালেও আদম ব্যাপারীদের চাপ দিলে আদম ব্যাপারীরা কখনো বলেন, মালদ্বীপ পুলিশের হাতে আটক আছে। কখনো বলেন, বার্মাদেশে পুলিশের হাতে আটক আছে। কখনো বলেন, তারা থাইল্যান্ড পুলিশে আটক আছে। ছয় মাস আগে তাদের খোঁজ দিবে বলে পরিবারের কাছে জনপ্রতি আরো ৫০ হাজার টাকা করে হাতিয়ে নেয় সামাদ ও ময়েজ। টাকা নিয়ে পালিয়ে যায় সামাদ। এদিকে পরিবারের একমাত্র অর্থ উপার্জনকারীদের হারিয়ে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।