বিরোধী দলের মর্যাদা না দিলে আদালতে যাবে কংগ্রেস
প্রকাশ : ০৫ জুলাই ২০১৪, ২২:২৯
লোকসভায় প্রধান বিরোধী দল নিয়ে গতকাল তুমুল বাগযুদ্ধে লিপ্ত হয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং সোনিয়া গান্ধীর দল কংগ্রেস। কংগ্রেস দাবি করে, প্রধান বিরোধী দলের মর্যাদা তাদের প্রাপ্য। কিন্তু বিজেপি তাদের সাথে দ্বিমত পোষণ করে মন্তব্য করে, কংগ্রেসকে জনগণ প্রত্যাখ্যান করেছে। বিরোধী দল হতে গেলে যে সংখ্যক আসন পাওয়া উচিত তা পায়নি তারা। সুতরাং কংগ্রেস আর যা হোক, প্রধান বিরোধী দল নয়। কিন্তু কংগ্রেস জানিয়েছে, প্রয়োজনে তারা আদালতে যাবে যদি স্পিকার তাদের এই মর্যাদা না দেন। খবর জি নিউজের।
উল্লেখ্য, লোকসভায় বিরোধী দলের মর্যাদা পেতে গেলে নির্বাচনে অন্তত ১০ শতাংশ আসন পেতে হয়। কিন্তু কংগ্রেস বলছে, তারা যেহেতু দ্বিতীয় স্থান পেয়েছে তাই স্বয়ংক্রিয়ভাবে বিজেপি সরকারি এবং তারা (কংগ্রেস) প্রধান বিরোধী দল। কংগ্রেস আরো বলে, আইনে ৫৫ আসন দরকার হয়। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ৫৫ আসন পেয়েছে। সুতরাং শর্ত পূরণ হয়ে গেছে। লোকসভায় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাগড়ে বলেন, স্পিকার ইচ্ছা করলেই তাদের বিরোধী দলের মর্যাদা দিতে পারেন। স্পিকার উল্টো কাজ করলে কংগ্রেস কি পদক্ষেপ নেবে তা বৈঠকে বসে ঠিক করা হবে বলে তিনি জানান। প্রয়োজনে আদালতের দারস্থ হবার কথা জানালেন তিনি।
বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামী বলেন, হিসাব পরিস্কার। বিরোধী দল হতে গেলে কংগ্রেসের ৫৫ আসন দরকার ছিল। কিন্তু সেটা না পাওয়ায় দলটি অন্তত এই লোকসভায় বিরোধী দল হতে পারবে না।