প্রথম দেখা দিলেন ইরাকের আইসিস জঙ্গিদের শীর্ষনেতা

ইরাক কাঁপিয়ে দেয়া সুন্নি জঙ্গি সংগঠন আইসিস এর শীর্ষনেতা আবু বকর আল বাগদাদী প্রথমবারের মতো ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা দিলেন। প্রথম দর্শন দিতে এসে এই জঙ্গিনেতা বিশ্বের মুসলমানদের প্রতি ‘নির্দেশ’ জারি করেছেন তাকে সম্মান করতে। এর আগে তিনি বিবৃতির মাধ্যমে নিজের বক্তব্য ও মতামত দিতেন। খবর বিবিসি’র। আইসিস নামের জিহাদি ওই গ্রুপটি আবু বকরকে ‘খলিফা’ মনোনীত করেছে। আইসিস জঙ্গিরা ইরাক এবং সিরিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নিয়েছে। ইরাকের সেনাবাহিনী ও পুলিশ তাদের দাপটের কাছে অসহায় হয়ে পড়েছে। তারা এখন বাগদাদ দখলের জন্য মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। যে ভিডিওর মাধ্যমে তিনি বিবৃতি দিয়েছেন সেটি শুক্রবার রেকর্ড করা বলে ধারণা করা হচ্ছে। সরকারি বাহিনীর হামলায় এই নেতা নিহত হয়েছেন এমন গুজব ছড়িয়ে পড়ায় তিনি দেখা দিলেন বলে ধারণা করা হচ্ছে।