সাতক্ষীরায় বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১ জন নিহত, আহত ৬
প্রকাশ : ০৫ জুলাই ২০১৪, ২৩:০০
সাতক্ষীরার মাধবকাটি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে একজন নিহত ও ৬ জন আহত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সাতক্ষীরা-যশোর সড়কের মাধবকাটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাত্ক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন বগুড়া জেলা সদরের নূরুল ইসলামের ছেলে রুহুল আমীন (৪৫), সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বামাড়ি গ্রামের মিলন হোসেনের স্ত্রী সোনালী খাতুন (২২), শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে হেনা পারভিন (১৮), পুরাতন সাতক্ষীরার মুছা মোল্ল¬ার স্ত্রী মোমেনা পারিভন (৫০) ও যশোরের শার্শা উপজেলা সদরের আবুল হোসেনের ছেলে আব্দুল ওয়াদুদ (৪২)। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি একটি গাছের সাথে ধাক্কা খায়। পরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন ধরে যায়।