বিএসটিআই’র ভ্রাম্যমান ক্যালিব্রেশন সেবা চালু

ওজন ও পরিমাপে বিশ্বমান অর্জনের লক্ষ্যে দেশের শিল্পকারখানায় বিএসটিআই’র ভ্রাম্যমান ক্যালিব্রেশন (ওজন ও পরিমাপের যথার্থতা নিরূপন) সেবা উদ্বোধন করা হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিএসটিআই’র নিকট ৪টি ভ্রাম্যমান ক্যালিব্রেশন ভ্যান হস্তান্তর করা হয়। বিএসটিআই’র কর্মকর্তারা এসব ভ্যান ব্যবহার করে এখন থেকে নিজস্ব উদ্যোগে দেশের বিভিন্ন কারখানা পরিদর্শন করে উত্পাদিত পণ্য এবং যন্ত্রপাতির ওজন ও পরিমাপের যথার্থতা নির্ধারণ করবেন। এর ফলে অভ্যন্তরীণ বাজারে ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধ করা সম্ভব হবে। সেই সঙ্গে বাংলাদেশি পণ্যের রপ্তানির সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) অর্থায়নে এবং জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) কারিগরি সহায়তায় বিএসটিআই এ সেবা চালু করেছে। উলে¬খ্য, ইইউ’র অর্থায়নে এবং ইউনিডো’র কারিগরি সহায়তায় বাংলাদেশের শিল্পখাতসহ বিভিন্নখাতের গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বিগত ২০১০ সালে বেটার ওয়ার্ক অ্যান্ড স্ট্যান্ডার্ডস প্রোগ্রাম গ্রহণ করা হয়। এর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শিল্পখাতে আন্তর্জাতিকমানের অবকাঠামো গড়ে তুলতে শিল্প মন্ত্রণালয় ‘বেটার কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। গৃহিত এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৪৮ কোটি টাকা। এটি চলতি বছর ডিসেম্বরে এ প্রকল্প সমাপ্ত হওয়ার কথা রয়েছে। শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান ও বেটার কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প পরিচালক মো. লুত্ফর রহমান তরফদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল¬াহ্, বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হান্না, বিএসটিআই’র মহাপরিচালক ইকরামুল হক, উপ-পরিচালক মোহাম্মদ আলী ও ইউনিডো’র কারিগরি পরামর্শক ড. ফ্র্যাঞ্জ হ্যান্সবারগার এ সময় বক্তব্য রাখেন।