কাজীপুরে প্রতিবন্ধী কদম আলী নিজের পায়ে দাঁড়াতে চায়
কাজীপুর(সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৬ জুলাই ২০১৪, ২১:২০
কাজীপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে খাসশুরিবেড় গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে প্রতিবন্ধী কদম আলী ভিক্ষাবৃত্তি নয়, কাজ করে নিজের পায়ে দাঁড়াতে চায়। কদম আলীর বাড়ীতে গিয়ে দেখা যায়, সে জামা তৈরির কাজ করছে। কদম আলী জানান, জন্মগতভাবে সে প্রতিবন্ধী। দশ বছর বয়সে তার পিতা মারা যাওয়ায় তার জীবনের উপর নতুন করে অমানিশার ঘোর অন্ধকার নেমে আসে।
যমুনার ভাঙ্গনের কবলে পড়ে অনেক আগেই জমিজমা হারিয়ে নিঃস্ব অবস্থায় অন্যের বাড়িতে ঠাঁই নেয়। পিতার অবর্তমানে দুখিনী মা ঝিয়ের কাজ করে সংসারের হাল ধরেন। কিন্তু বালক কদম আলীর মানুষের কাছে হাত পেতে ভিক্ষাবৃত্তি করা তার মনে কখনও সায় দেয়নি। তার সবসময় চিন্তা ছিল নিজে কিছু করা। ঠিক সেই সময় নাটুয়ারপাড়া এলাকার তরুণ সমাজসেবক জাহিদুল ইসলাম স্বপন, ইউপি সদস্য মফিজউদ্দিনসহ কয়েকজন তাকে বিভিন্নভাবে সহযোগিতা করে। কদম আলীর অসহায় অবস্থার কথা ভেবে এলাকার দানশীল ব্যক্তিত্ব আমিনুল ইসলাম কদম আলীর জন্য সেলাই মেশিনের ব্যবস্থা করে দেন। কদম আলী সেলাইয়ের প্রশিক্ষণ নিয়ে দর্জির কাজ করছে। কদম আলী সেলাইয়ের কাজ করে সংসারের অভাব মোচনসহ ভবিষ্যতে তার পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের স্বপ্ন দেখছে।