টঙ্গীতে অস্ত্র ও ওয়াকিটকিসহ ৩ ভুয়া ডিবি পুলিশ আটক

টঙ্গীর মিলগেট এলাকা থেকে গতকাল রবিবার ভোরে অস্ত্রসহ তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে টঙ্গী মডেল থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে, ঢাকার দক্ষিণখান আশকোনা এলাকার প্রতারক চক্রের হোতা ইকবাল হোসেন, একই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে বিপ্লব ও টঙ্গীর মধ্যআরিচপুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে মনির হোসেন জুয়েল। তাদের কাছ থেকে পুলিশ অস্ত্র, গুলি ও লুণ্ঠিত মালামাল ও বেশ কয়েকটি অনলাইন পত্রিকা এবং মানবাধিকারের পরিচয়পত্র উদ্ধার করেছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেছে। টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, ভুয়া ডিবি পরিচয় দিয়ে টঙ্গীর মিলগেট এলাকায় ঝুট ব্যবসায়ীর কাছে প্রতারণা করে পালানোর সময় পুলিশ তাদের তল্লাশি করে দুটি ওয়ান শ্যুটারগান, দুই রাউন্ড তাজা গুলি, দুইটি ওয়াকিটকি, ১০টি মোবাইল সেট, ১টি ইয়ামাহা ফ্রেজার ব্র্যান্ডের মোটরসাইকেল ও আশ্বাস মানবাধিকারসহ অনলাইন টিভি চ্যানেল-৭, ক্রাইম জনতা, টাইমস আই বেঙ্গলির পরিচয়পত্র উদ্ধার করে। ঢাকা, উত্তরা, গাজীপুর ও টঙ্গীসহ দেশের বিভিন্ন স্থানে আটককৃত ইকবাল নিজেকে ডিবি’র ওসি পরিচয় দিয়ে সে বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছিল। ইতিপূর্বে সে টঙ্গী থানায় একই অপরাধে কয়েকবার গ্রেফতার হয়। তার বিরুদ্ধে টঙ্গী, উত্তরাসহ বিভিন্ন থানায় প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।