অতিবৃষ্টির কারণে ভাঙ্গায় পাট চাষিরা হতাশ

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় এবারে পাটের বাম্পার ফলন ব্যাহত হবার আশঙ্কা দেখা দিয়েছে কৃষকদের মাঝে। অসময়ে অতিবৃষ্টির কারণে পাট ক্ষেতে পানি জমা, পাট গাছের পাতা মুড়ে যাওয়া রোগ এবং ছটকাসহ নানা ধরনের পোকার আক্রমণে পাট বৃদ্ধিতে সমস্যা সৃষ্টি হয়েছে। অকালে পাট ক্ষেতের জমিতে অতিবৃষ্টির কারণে পানি জমে যাওয়ায় পাটের গোড়ায় পচন ধরেছে। পাট পরিপক্ক হওয়ার আগেই কৃষক পাট কেটে ফেলতে বাধ্য হচ্ছে। চুমুরদী ইউনিয়নের কৃষক খোরশেদ সিকদার হতাশ কণ্ঠে বলেন, পাটের গোড়া পচে যাওয়ায় পাট কেটেও একটা বিপদে আছি। পাট পচানোর জন্য পর্যাপ্ত পানির অভাবে কাটা পাটও শুকিয়ে যাচ্ছে। আর এসব পাট বিশেষ কোন কাজেই লাগবে না। সেই সাথে দেখা দিয়েছে পাটের পাতা মোড়ানো মড়ক, ছটকা বিছার আক্রমণে পাতা খেয়ে ফেলাসহ নানা উপসর্গে পাট চাষিরা এক ধরনের হতাশায় দিন কাটাচ্ছে।