কাউনিয়ায় অনুমতি ছাড়াই সরকারি গাছ কর্তন

রংপুরের কাউনিয়া উপজেলায় চেয়ারম্যান এবং মেম্বারের নাম ভাঙ্গিয়ে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। সরেজমিন উপজেলার ভাঙ্গামাল্লী বুড়িরহাট বাজার এবং বিদ্যালয়ে সরকারি জায়গায় শোভা বর্ধনকারী বিশাল আকৃতির একটি পাইকড় গাছ চেয়ারম্যান, মেম্বারের নাম ভাঙ্গিয়ে এবং ঘরের চালের উপরে থাকার অযুহাতে কর্তন করেছে স্থানীয় বাদশা মিয়া। স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা যায়, গত বুধবার সকালে স’মিল মালিক বাদশা মিয়া গাছ কাটা শ্রমিককে ২২শ’ টাকা পারিশ্রমিক দিয়ে গাছকাটা শুরু করেন। গাছের বেশ কিছু অংশ কাটা হলে বাজারের লোকজন বাধা দিলে তারা জানায়, চেয়ারম্যান আলিম উদ্দিনের কাছ থেকে অনুমতি নেয়া আছে। এরপর তারা গাছের মোটা ডাল কাটা শুরু করলে অনেকের সন্দেহ হয় এবং থানায় খবর দিলে পুলিশ রাতে গিয়ে গাছের প্রায় ৮০টি টুকরা উদ্ধার করে স্থানীয় আঃ কাদেরের জিম্মায় রেখে আসে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আলিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার কাছ থেকে কোনো অনুমতি নেয়নি, আর আমি সরকারি জায়গার গাছ কাটার অনুমতি দিতেও পারি না। কাউনিয়া থানার এসআই রিয়াজ উদ্দিন (ভারপ্রাপ্ত ওসি) জানান, ঘটনাস্থল পরিদর্শন করে গাছের টুকরোগুলো উদ্ধার করে স্থানীয় এক ব্যক্তির জিম্বায় রাখা আছে।