সাতক্ষীরায় মাদ্রাসা শিক্ষক নিয়োগে অনিয়ম

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগে আবারও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর পক্ষে সাতক্ষীরা পৌরসভার সাবেক কমিশনার অজিহার রহমান জেলা প্রশাসক বরাবর এ ব্যাপারে অভিযোগ দাখিল করেছেন। তিনি অভিযোগে বলেন, মাদ্রাসায় আরবী প্রভাষকের কোন প্রাপ্যতা না থাকলেও ঐ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্তারুজ্জামান ও কিছু স্বার্থান্বেষী ব্যক্তির যোগসাজশে অর্থের বিনিময়ে হাফিজুর রহমান নামে একজনকে নিয়োগ দিয়েছেন। এছাড়া বিধি অনুযায়ী কামিল মাদ্রাসায় ফাজিল (পাস) মাদ্রাসার জনবল কাঠামো প্রযোজ্য হবে। সেখানে আরবীতে ৪ জনসহ মোট ৮ জন প্রভাষক থাকবে। অত্র মাদ্রাসাতে বিধি অনুযায়ী ৪ জন আরবী প্রভাষক রয়েছে। তাই কোন বিধিতে প্রাপ্যতা না থাকা সত্ত্বেও অর্থের বিনিময়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সম্পূর্ণ অন্যায়ভাবে হাফিজুর রহমানকে নিয়োগ প্রদান এবং সুকৌশলে এমপিওভুক্তি করে হাফিজুর রহমানের নামে বেতন উত্তোলন করেছেন। অভিযোগটি জেলা প্রশাসক আমলে নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) তদন্তের নির্দেশ দিয়েছেন।