পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি
প্রকাশ : ০৬ জুলাই ২০১৪, ২১:৫১
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো এবং চাকরি থেকে অবসরের বয়সসীমা ৬৭ বছর করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রবিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে মানব বন্ধনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে শিক্ষকদের আলাদা বেতন কাঠামো ও অবসরের বয়স সীমা ৬৭ বছর করার যৌক্তিক দাবি উপেক্ষিত হয়ে আসছে। উপমহাদেশসহ সব দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো থাকলেও আমাদের দেশে নেই। বিভিন্ন সময় এ বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের পক্ষে আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। শিক্ষকদের দৈন্যদশায় রেখে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব নয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অবিলম্বে স্বতন্ত্র বেতন কাঠামো এবং চাকরি থেকে অবসরের বয়সসীমা ৬৭ করার দাবি জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক এস. এম. ইমামুল হক, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক গোলাম রব্বানী, অধ্যাপক দেলোয়ার হোসেন, অধ্যাপক জিয়াউল হক মামুন, অধ্যাপক মো. সেকুল ইসলাম, লুত্ফর রহমান, অধ্যাপক আবুল মনসুর আহমেদ প্রমুখ।