এনজিও নিয়ন্ত্রণে খসড়া আইন প্রত্যাহার করুন
প্রকাশ : ০৬ জুলাই ২০১৪, ২১:৫২
বাংলাদেশে এনজিও’র কার্যক্রম নিয়ন্ত্রণে সরকারের প্রস্তাবিত খসড়া আইন প্রত্যাহারের আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। রবিবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সরকারের সমালোচকদের স্তব্ধ করার উদ্দেশ্যে প্রণীত এ আইনের বিষয়ে দাতাদের প্রকাশ্যে উদ্বেগ জানানো উচিত।
বিবৃতিতে বলা হয়, বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন, ২০১৪ খসড়া আইনটি বিবেচনার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে উপস্থাপনের কথা রয়েছে। এ আইনের মাধ্যমে বাংলাদেশে বিদেশি ও আন্তর্জাতিক সংগঠনগুলো কার্যক্রম ও তহবিল নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের এশীয় অঞ্চলের ডেপুটি ডিরেক্টর ফিল রবার্টসন বলেন, এনজিওর বৈধ কার্যক্রম সীমাবদ্ধ করা ও সমালোচকদের আঘাত করতে খসড়া আইনের অপব্যবহার সহজেই হতে পারে। বিবৃতিতে বলা হয়, এনজিওকে টার্গেট করে এ ধরনের কঠোর আইন প্রণয়নে সরকার তার সময় ব্যয় করছে। এ আইন অবশ্যই প্রত্যাহার করা উচিত।