সকল খাদ্য বিষমুক্ত করার দাবি

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) রমজানে সকল খাদ্য বিষমুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার সংগঠনটি ইফতারিসহ সকল খাদ্য বিষ ও ভেজাল মুক্ত করার দাবিতে নগরীর বেইলি রোডে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তরা বলেন, রং ও বিভিন্ন উপাদান মিলে ভোজ্য তেল তৈরি করা হয়, বিষাক্ত রং ব্যবহারে সাদা ডিম লাল করা হয়, এছাড়া ভেজাল-বাসি খাবার বিক্রির প্রবণতা বেড়েই চলছে। ফলে সামান্য মুনাফার আশায় মানুষের জীবন হুমকির মুখে পড়ছে। শিশু, যুবক বৃদ্ধ সকলেই ক্যান্সারসহ নানা জটিল রোগাক্রান্ত হচ্ছে। উত্পাদন থেকে বাজারজাতকরণ প্রত্যেকটি স্তরেই ভেজালের ছড়াছড়ি। জাতির সুস্থতার স্বার্থেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে সচেতন হওয়ার উপর জোর দেন তারা। তারা বলেন, আইন ও শাস্তির পাশাপাশি মানবিক দিকেও সচেতন হতে হবে সবাইকে। পবার সাথে দেবী দাস ঘাট সমাজ কল্যাণ সংসদ, গ্রীনমাইন্ড সোসাইটি, ইউনাইটেড পিস ফাউন্ডেশন, বাংলাদেশ পিস মুভমেন্ট, বিসিএসআরডি, মিট এন্ড ফ্রেন্ড সোসাইটিসহ ১৭টি প্রতিষ্ঠান এই মানববন্ধনে অংশ নেয়।