বাঘায় টেলিমেডিসিন প্রকল্পের উদ্বোধন
প্রকাশ : ০৬ জুলাই ২০১৪, ২২:০৪
বাঘার চরাঞ্চলে হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ডিজিটাল পদ্ধতির চিকিত্সা ব্যবস্থা হিসাবে টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এ প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ আলহাজ্ব শাহরিয়ার আলম।
সূত্রে জানা যায়, উপজেলার দুর্গম পদ্মার চরাঞ্চলের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন ও দরিদ্রতা নিরসনসহ শিক্ষা,স্বাস্থ্য ও স্যানিটেশনের উপরে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে স্থানীয় একটি বেসরকারি সংগঠন সমতা নারী কল্যাণ সংস্থা। আর তাদের সহায়তা দিয়ে আসছেন কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে বাঘা উপজেলা মিলনায়তনে টেলিমেডিসিন প্রকল্পের উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিদ্যুত্, খাদ্য, বাসস্থান নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করছে। মোবাইলে স্বাস্থ্য সেবার পাশাপাশি সরকারি সহায়তায় টেলিমেডিসিন প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। যা স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখবে।
অনুষ্ঠানের সভাপতি ও ‘সমতা নারী কল্যাণ সংস্থার’ (এসএনকেএস) নির্বাহী পরিচালক নজরুল ইসলাম স্বাগত বক্তব্য জানান, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, টেলিমেডিসিন ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ও গ্রামীণ ফোনের সহযোগিতায় এসএনকেএস প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে। এই প্রকল্পের অধীনে উপজেলার চরাঞ্চলে ৭ টি টেলিমেডিসিন সেন্টার প্রতিষ্ঠাসহ সাতজন গ্রাম্য চিকিত্সককে সাতটি ল্যাব প্রদান করা হয়েছে এবং সকল ডাক্তার ও সহকারীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।