ডি মারিয়ার বিশ্বকাপ শেষ!

উরুর পেশীর ইনজুরির কারণে আর্জেন্টিনা মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়ার বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এ ব্যাপারে আর্জেন্টিনার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ব্রাসিলিয়ার মানে গ্যারিঞ্চা স্টেডিয়ামে গত শনিবার রাতে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলার সময় বাম উরুর পেশী ছিঁড়ে যায় রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের। এই চোটের কারণে টুর্নামেন্টের বাকি সময় ডি মারিয়াকে বেঞ্চে বসে থাকতে হতে পারে। আর্জেন্টিনার ১-০ গোলের জয় পাওয়া খেলাটিতে ৩৩ মিনিটে প্রতিপক্ষ দলের ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানির এক শটে লুটিয়ে পড়েন ডি মারিয়া। মাঠেই তাকে তাত্ক্ষণিক চিকিত্সা দেয়া হয় এবং খেলা চালিয়ে যাওয়ার প্রচেষ্টা চালান তিনি। কিন্তু খানিক পরেই আবারও টার্ফে পড়ে যান ডি মারিয়া। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন। তার জায়গায় খেলানো হয় এনজো পেরেজকে। আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা অবশ্য ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ডি মারিয়ার এই ইনজুরি তেমন গুরুতর নয়। রবিবার, দলের বেস ক্যাম্প বেলো হরিজন্তেতে ফেরার পর ২৬ বছর বয়সী এই মিডফিল্ডারকে স্ক্যান করানো হতে পারে বলে জানিয়েছিলেন সাবেলা। তবে শনিবার সন্ধ্যায়ই আর্জেন্টিনা মিডিয়া সূত্রে ডি মারিয়ার ইনজুরির তীব্রতা নিয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া গেছে। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলর লড়াইয়ের আর্জেন্টিনার এই জয়ের নায়ককে ফাইনালের আগের ম্যাচ মিস করতে পারে বলে মিডিয়ার সংবাদগুলোতে বলা হয়েছে। তা হলে ২৪ বছর পর সেমিফাইনাল নিশ্চিত করা আর্জেন্টিনার হয়ে রবিবার বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে দেখা যাবে না ডি মারিয়াকে।