ব্রাজিল বিশ্বকাপের মান নিয়ে প্রশ্ন

ব্রাজিল বিশ্বকাপ নিয়ে সবাই যখন প্রশংসায় পঞ্চমুখ সেসময়ে এর মান নিয়ে প্রশ্ন তুলেছেন নেদারল্যান্ডসের সাবেক ফুটবলার এডগার ডেভিডস। তার দাবি ব্রাজিল বিশ্বকাপ ‘খানিকটা মাঝারি মানের’ টুর্নামেন্ট। এবারের বিশ্বকাপে পিছিয়ে থেকেও বেশ কটি দলের ঘুরে দাঁড়ানো, অনেক গোল ও বেশ কয়েকটি খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে এটিকে বলা হচ্ছে অন্যতম সেরা আসর হিসেবে। গ্রুপ পর্বের খেলাগুলোয় ১৩৬টি গোল হয়েছে যা কিনা গত চার আসরের তুলনায় সর্বোচ্চ। তাছাড়া প্রথম রাউন্ডের খেলাগুলোর মধ্যে কেবল মাত্র নয়টি ড্র হয়েছে। শেষ ষোলোয় এবং কোয়ার্টার ফাইনালের খেলাগুলোতেও ছিলো অনেক নাটকীয়তা। যদিও সেসব খেলায় আক্রমণ পাল্টা আক্রমণের মনোমুগ্ধকরতা বেশি ছিল না। এর মধ্যে কয়েকটি খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। দুটি খেলার নিষ্পত্তি হয় টাই ব্রেকারে, কোন কোনটিতে শেষ মুহূর্তে গোল হয়। এছাড়াও গোলরক্ষকরা অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়েছেন। এতকিছুর পরও ভেডিডস বিশ্বকাপের এবারের আসরের ফুটবল মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করতে পারেননি। ৪১ বছর বয়সী ডেভিডের মতে, ‘আমি মনে করি এটা খানিকটা মাঝারি মানের। তবে কখনোই শিহরণ জাগানিয়া কিছু নয়। আমি মনে করি না এটা খুব উঁচু মানের এবং এতে কোন সত্যিকারের ফেবারিট নেই।’ নেদারল্যান্ডস ব্রাজিলে যে নৈপুণ্য দেখাচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন ডেভিডস। যদিও বাস্তবতা হলো কোচ লুই ফন গলের দলটি ইতোমধ্যে চার খেলায় জয়ী হয়েছে। ডাচ কোচটির ৫-৩-২ বিন্যাসে খেলানো এবং পাল্টা আক্রমণ নির্ভর ফুটবল কৌশলেরও সমালোচনা করেন তিনি। মেক্সিকোর বিপক্ষে নেদারল্যান্ডসের খেলা সম্পর্কে মন্তব্য করে ডেভিডস বলেন, প্রথমার্ধে তার মনে হচ্ছিল ডাচরা হয়তো তখনো ড্রেসিংরুমে ছিল। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘সত্যি করে বলতে গেলে বলতে হয় তারা ভাল ফুটবল খেলছে না। উদাহরণ হিসেবে ওয়েসলি স্নেইডার যে কিনা গোলের কাছাকাছি দাঁড়িয়ে থাকে, তার বরং এখন আরো অনেক বেশি আক্রমণ ঠেকানো দরকার।’ দক্ষিণ আফ্রিকায় চার বছর আগে অনুষ্ঠেয় বিশ্বকাপে স্নেইডার চারটি গোল করেন এবং নেদারল্যান্ড ফাইনালে খেলে। কিন্তু আক্রমণাত্মক মিডফিল্ডারটি ব্রাজিলে মাত্র একবার গোলের দেখা পেয়েছে। কোচ গলের দল দ্রুত এগুনোর জন্য লম্বা পাসে এবং আড়াআড়ি ভাবে বল দেয়া নেয়া করে খেলছে। তাতে মধ্যমাঠে স্নেইডারের সহায়তা ছাড়াই বল চলে যাচ্ছে। কিন্তু ৩০ বছর বয়সী খেলোয়াড়টির এ নিয়ে কোন দুশ্চিন্তা নেই যদি তার দল অধরা প্রথম বিশ্বকাপটি তুলে নিতে পারে। প্রথমবারের মতো নেদারল্যান্ডসকে শিরোপা এনে দিতে স্নেইডারকে আরো ভালো খেলতে হবে। এ ব্যাপারে স্নেইডারের বক্তব্য হলো, ‘নৈপুণ্য দেখাতে শৃংখলা লাগবে। বিশ্ব আমার কাছে কি চায় এ নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আমি চাই বিশ্ব চ্যাম্পিয়ন হতে।’ গতরাতে কোস্টারিকার বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে জিতে ডেভিডসের দল অবশ্য এখন শিরোপার লক্ষ্যেই আছে।